পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার জেরে পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে চীন। ইরান ও পাকিস্তান—দুই দেশের সঙ্গেই চীনের সম্পর্ক ভালো। উভয় দেশের সঙ্গে রয়েছে চীনের জোরালো সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক। চীনের ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ইরান ও পাকিস্তান। এরপরও প্রশ্ন, চীন কি এই উত্তেজনা কমাতে পারবে?
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত বৃহস্পতিবার বলেছেন, যদি উভয় পক্ষ (ইরান ও পাকিস্তান) চায়, তাহলে উত্তেজনা প্রশমনে একটি গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী বেইজিং।
যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ইউএস ইনস্টিটিউট অব পিসের (ইউএসআইপি) দক্ষিণ এশিয়াবিষয়ক একজন জ্যেষ্ঠ বিশেষজ্ঞ সামির পি লালওয়ানি। এ প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের ওপরই চীনের বেশ ভালো প্রভাব আছে। দুই দেশই আশা করে, ভবিষ্যতে এশিয়ায় চীনই প্রভাবশালী হয়ে উঠুক। বেইজিংয়ের এমন গ্রহণযোগ্যতা আছে, যা দিয়ে তারা পরিস্থিতি শান্ত করতে দুই দেশের নেতাদের বোঝাতে সক্ষম।





