ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব। ইরানের ওপর নতুন করে হামলা এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় অবরোধ আরোপের মধ্যেও তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি মনে করি একটি চুক্তি এখনও সম্ভব। অবশ্যই সম্ভব।

তিনি জানান, দুই দিন আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে পরে তেহরান আরও আলোচনার প্রয়োজনীয়তার কথা জানিয়ে চুক্তি থেকে সরে আসে।

এর আগে ইরানের ওপর নতুন করে হামলা চালানো এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় অবরোধ কার্যকরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাও তুলে ধরেন ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্ব নেবে। এই দায়িত্ব পালনের বিনিময়ে প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে।

ট্রাম্পের ভাষ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারকারী দেশগুলো অর্থনৈতিকভাবে সক্ষম। তাই যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা সুবিধার জন্য তাদের অর্থ প্রদান করা উচিত।

Scroll to Top