ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না: ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না: ডোনাল্ড ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রয়োজন পড়বে না, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান উত্তেজনার মধ্যেই তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং সংঘাত এড়ানোর পথ খোলা রাখতে চায় ওয়াশিংটন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি ইতোমধ্যে ইরানের সঙ্গে কথা বলেছেন এবং ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আলোচনা করেছি এবং আরও আলোচনা করব। এখনও সামরিক পদক্ষেপ এড়ানোর বাস্তব সম্ভাবনা আছে।

এর আগে অবশ্য ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে একটি বড় নৌবহর মোতায়েন করছে। তবে বৃহস্পতিবার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তুলনামূলকভাবে সংযত ভাষায় বলেন, আমাদের একটি দল ইরানের দিকে যাচ্ছে, কিন্তু আশা করি আমাদের সেটি ব্যবহার করতে হবে না।

উল্লেখ্য, ইরান সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে তার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও বিমানবাহী রণতরীগুলো লক্ষ্যবস্তু করা হবে। ইরানের এক সামরিক মুখপাত্র জানান, এবার প্রতিক্রিয়া সীমিত থাকবে না এবং ‘তাৎক্ষণিকভাবে চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।

Scroll to Top