আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কিনা, সে নিয়েই চলছে তর্ক বিতর্ক। ইরানের গ্রুপের অন্য দলগুলো এই ব্যাপারে কী ভাবছে, সেটাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। নিউজিল্যান্ডের ফুটবলাররা এবার জানালেন, আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো ভেন্যুতে ইরানের মুখোমুখি হতে রাজি তারা।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে খেলার কথা রয়েছে নিউজিল্যান্ড দলের। তবে চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে এই ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
লস অ্যাঞ্জেলসে খেলার প্রস্তুতি নিয়েই এগোচ্ছে নিউজিল্যান্ড। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও আপত্তি নেই তাদের, বললেন মিডফিল্ডার রায়ান টমাস, ‘বাছাই পেরিয়ে আসায় এখানে থাকাটা তাদের প্রাপ্য। যদি তাদের বিপক্ষে কানাডা বা মেক্সিকোয় খেলতে হয় তো, হ্যাঁ আমরা সেখানে খেলব। আমার জন্য এটা বড় কোনো ব্যাপার নয়।’
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর স্যান ডিয়েগোয় থাকবে নিউজিল্যান্ড। মেক্সিকো সীমান্ত থেকে দূরের পথ নয় এই শহর।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, ইরানের ম্যাচগুলো আয়োজনে তারা আগ্রহী। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ফিফার। যদি ফিফা এরই মধ্যে একবার ঘোষণা দিয়েছে, ম্যাচের ভেন্যু পরিবর্তন করতে ইচ্ছুক নন তারা।



