ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা – Sarabangla

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল বিশ্বচ্যাম্পিয়নরা – Sarabangla

বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে খেলতে নেমে প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নের দাপট দেখাল স্পেন। ২০২৬ বিশ্বকাপের ট্রফি নিয়ে সেভিয়ার র‍্যামন সানচেজ পিসহুয়ান স্টেডিয়ামে দর্শকদের সামনে উচিয়ে ধরার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। লামিনে ইয়ামালের জোড়া গোলের সঙ্গে নিকো উইলিয়ামস ও মার্ক পিউবিলের গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে স্পেন।

বিশ্বকাপ শিরোপা জেতার পর এটাই নিজেদের দর্শকদের সামনে স্পেনের প্রথম ম্যাচ। ম্যাচ শুরুর আগে অধিনায়ক রদ্রি ট্রফি তুলে ধরেন গ্যালারির সামনে। এরপর মাঠের পারফরম্যান্সেও সেই উদ্‌যাপনকে আরও জমকালো করে তোলে স্প্যানিশরা।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। কিক-অফের মাত্র ৭০ সেকেন্ডের মধ্যে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন ইয়ামাল। মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার তৈরি করা আক্রমণে বল পেয়ে ফেরমিন লোপেজ সেটি ছেড়ে দেন ইয়ামালের জন্য। ডান দিক থেকে বক্সে ঢুকে নিচু শটে বল জালে পাঠান বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

ম্যাচের ২৮ মিনিটে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের নিখুঁত ক্রস থেকে ডিওন দ্রেনা বেল্লো হেডে গোল করেন। দুই দলের স্কোর তখন ১-১।

সমতা ফেরানোর পরও স্বস্তি পায়নি ক্রোয়েশিয়া। মাত্র তিন মিনিট পরই আবার এগিয়ে যায় স্বাগতিকরা। শর্ট কর্নারে ফেরমিন লোপেজের সঙ্গে ওয়ান-টু করে বক্সে ঢোকার পথ তৈরি করেন ইয়ামাল। তাঁর ক্রস থেকে মাথা ছুঁইয়ে গোল করেন পিউবিল। প্রথমার্ধ শেষ হয় স্পেনের ২-১ লিডে।

বিরতির পর ব্যবধান বাড়ানোর দায়িত্বটা আবার নিজের কাঁধে তুলে নেন ইয়ামাল। ৬৩ মিনিটে পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। ঠেকানোর সুযোগই পাননি ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।

দুই গোলের পরই ইয়ামালকে তুলে নেন দে লা ফুয়েন্তে। ৬৮ মিনিটে মাঠ ছাড়ার সময় গ্যালারির দর্শকদের কাছ থেকে পান স্ট্যান্ডিং ওভেশন। এবারের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে দুই ম্যাচ খেলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে চারটি গোলে সরাসরি অবদান রাখলেন ইয়ামাল।

শেষ দিকে ক্রোয়েশিয়া ৪১ বছর বয়সী অভিজ্ঞ লুকা মদরিচকে মাঠে নামিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে তাতে কাজ হয়নি। বরং ম্যাচের শেষ মুহূর্তে আরও একবার জালে বল পাঠায় স্পেন। ৮৯ মিনিটে রদ্রি, পেদ্রি ও মিকেল মেরিনোর সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বল পান নিকো উইলিয়ামস। এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের সামনে ঠান্ডা মাথায় শট নিয়ে স্কোরলাইন ৪-১ করেন তিনি।

ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানোর পর ক্রোয়েশিয়ার বিপক্ষেও বড় জয় পাওয়ায় নেশনস লিগে দুই ম্যাচ শেষে স্পেনের পয়েন্ট ৬। আগামী ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

Scroll to Top