
মাদ্রিদ, ৬ জুলাই – পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট পর্বের লড়াইয়ের আগে তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের ওপর বাড়তি কোনো চাপের বোঝা চাপাতে চান না স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশেষ করে রক্ষণাত্মক দায়িত্ব পালনের ক্ষেত্রে ইয়ামালকে অতিরিক্ত চাপ দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।
কোচের মতে, এই তরুণ ফরোয়ার্ড ইতিমধ্যেই দলের জন্য যথেষ্ট পরিশ্রম করছেন। আজ বাংলাদেশ সময় রাত ১টায় আসরের শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে শক্তিশালী স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ প্রতিভা ইয়ামাল।
গত বছর নেশন্স লিগের ফাইনালে দুই দলের দেখা হয়েছিল, যেখানে টাইব্রেকারে পরাজয় বরণ করতে হয়েছিল স্পেনকে। সংবাদ সম্মেলনে উঠে আসে সেই পুরনো স্মৃতির কথাও। পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডেসের বিপক্ষে ইয়ামালের লড়াই নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, মেন্ডেস একজন কঠিন প্রতিপক্ষ।
তাই ইয়ামালকে শান্ত থেকে নিজের স্বাভাবিক খেলার দিকে মনোযোগ দিতে হবে। তিনি আরও যোগ করেন যে, প্রতিটি ম্যাচই আলাদা এবং আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি সবসময় হয় না। তবে রক্ষণভাগে ইয়ামালকে বাড়তি দায়িত্ব দেওয়া প্রসঙ্গে কোচ সরাসরি না করে দেন। তিনি জানান, লামিনে সবসময়ই মাঠে কঠোর পরিশ্রম করেন।
তার ওপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত হবে না। দলের প্রত্যাশা হলো ইয়ামাল যেন প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখেন এবং এটাই দলের জন্য যথেষ্ট হবে।
ইয়ামালের মানসিকতা এবং পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে দে লা ফুয়েন্তে বলেন, ইয়ামাল দায়িত্ব নিতে পছন্দ করেন এবং সবসময় মাঠের মূল আকর্ষণ হয়ে থাকতে চান। অনুশীলনে তাকে দেখা সত্যিই আনন্দের বিষয় এবং পর্তুগালের বিপক্ষে তিনি দারুণ একটি ম্যাচ উপহার দেবেন বলে কোচ দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
এস এম/ ৬ জুলাই ২০২৬






