ইমরান খানের সুচিকিৎসার দাবিতে শাহবাজ শরিফকে ২১ সাবেক অধিনায়কের চিঠি – DesheBideshe



ইসলামাবাদ, ২৫ আগস্ট – কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের ২১ জন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক। ইমরানের যথাযথ চিকিৎসা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একটি যৌথ চিঠি দিয়েছেন তারা।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বখ্যাত ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাস্কার ও কপিল দেব, শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা এবং অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ইয়ান চ্যাপেল, স্টিভ ওয়াহ ও অ্যাডাম গিলক্রিস্ট।

এছাড়া ইংল্যান্ডের মাইক গ্যাটিং, মাইক আথারটন, নাসের হুসেইন, অ্যালিস্টার কুক এবং ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডসহ ২১ জন সাবেক অধিনায়ক চিঠিতে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। গত ছয় মাসের মধ্যে এটি ইমরান খানের চিকিৎসা নিয়ে সাবেক ক্রিকেটারদের দ্বিতীয় চিঠি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৪ জন সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে একই ধরনের আবেদন জানিয়েছিলেন। মূলত পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের সুচিকিৎসার ব্যাপারে যে নির্দেশনা দিয়েছিল, তা বাস্তবায়িত না হওয়ার অভিযোগ ওঠায় তারা নতুন করে এই পদক্ষেপ নিয়েছেন।

চিঠিতে সাবেক অধিনায়কেরা প্রধানত তিনটি দাবি তুলে ধরেছেন। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ মেডিকেল বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, পরিবারের সদস্যদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দিতে হবে এবং তৃতীয়ত, চিকিৎসকদের দেওয়া সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

স্বাক্ষরকারী ক্রিকেটাররা স্পষ্ট করেছেন যে, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই চিঠি লেখেননি। বরং ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সতীর্থ ও প্রতিপক্ষ হিসেবে গড়ে ওঠা মানবিক সম্পর্কের জায়গা থেকে তারা ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। পাকিস্তানের বিচারিক প্রক্রিয়া বা কোনো আইনি বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অভিপ্রায় তাদের নেই বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬



Scroll to Top