ইমরান খানের চিকিৎসা ও অধিকার নিশ্চিতের দাবিতে চিঠিতে সমর্থন মাইকেল হোল্ডিংয়ের – DesheBideshe



ইমরান খান

জ্যামাইকা, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আচরণ নিয়ে সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। ইমরানের যথাযথ চিকিৎসা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে আন্তর্জাতিক সাবেক অধিনায়কদের দেওয়া চিঠির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।

দুর্নীতি ও অন্যান্য মামলায় সাজা পেয়ে তিন বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন ৭৩ বছর বয়সী ইমরান। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর আগে ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি লিখে ইমরানের চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে হোল্ডিং বলেন, ‘পাকিস্তানে আরও কিছু বিষয় আছে। আমি সেসবে জড়াতে চাই না, ব্যাপারটা রাজনৈতিক। তবে ইমরানের সঙ্গে যা ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক।’

ইমরানের সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথাও স্মরণ করেন হোল্ডিং। একসময় মাঠে তাঁর বিপক্ষে খেলেছেন তিনি। আবার ইমরান যখন ক্যানসার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহ করছিলেন, তখন লন্ডনে তাঁর সঙ্গে ঘুরেছেন এই ক্যারিবীয় কিংবদন্তি।

হোল্ডিং বলেন, ‘আমি মানুষটিকে ভালোভাবে জানি এবং তিনি কেমন মানুষ, তা আমার জানা আছে। বর্তমান পরিস্থিতি দেখা অত্যন্ত দুঃখজনক।’

ইমরানের প্রতি আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘মানুষটিকে যেন সাধারণ মানুষের মতো চিকিৎসা দেওয়া হয়, সেই চেষ্টার প্রতি আমি পূর্ণ সমর্থন করি। কেউ মানুষের সঙ্গে এমন আচরণ করে না। খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না। তাহলে এই মানুষটির সঙ্গে কেন এমন আচরণ করা হবে, তার কোনো কারণ আমি দেখি না।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬০ টেস্টে ২৪৯ এবং ১০২ ওয়ানডেতে ১৪২ উইকেট নিয়েছেন হোল্ডিং। ক্রিকেট ছাড়ার পর দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবেও ছিলেন সমান জনপ্রিয়। ২০২১ সালে ধারাভাষ্য থেকেও বিদায় নেন এই কিংবদন্তি।

এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top