জোহানেসবার্গ টেস্টের তিন দিনের খেলা শেষ। প্রথমে ব্যাটিং করেছে বাংলাদেশ, পরে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসও শেষের দিকে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৯০ ওভার বোলিং করেছেন বাংলাদেশি বোলাররা। এর মধ্যে পেসার ইবাদত হোসেন বোলিং করেছেন মাত্র ৭ ওভার! এমনকি পার্টটাইম বোলার মুমিনুল হকও ইবাদতের চেয়ে বেশি বোলিং করেছেন, ১৪ ওভার। ইবাদত এতো কম বোলিং করলেন কেন, এই প্রশ্ন উঠছে বারবার।
টেস্টের দ্বিতীয় দিনে স্পিনার মেহেদি হাসান মিরাজ যখন কিছুতেই সুবিধা করতে পারছিলেন না, তার বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা রান তুলছিলেন ওভারপ্রতি ৬ এর বেশি করে তখন তৃতীয় পেসার ইবাদতের খুব করেই প্রয়োজন অনুভব হচ্ছিল। বাংলাদেশের অপর দুই পেসার হাসান মাহমুদ এখন পর্যন্ত বোলিং করেছেন ২০.৩ ওভার, তাসকিন আহমেদ ২৪ ওভার। ইবাদতকে দিয়ে পর্যাপ্ত বোলিং করানো হলো না বলে সেই চাপ পরেছে দুই পেসারের ওপরই। কিন্তু ইবাদতকে দিয়ে কেন বোলিং করানো হলো না, শরিফুল ইসলামের মতো কার্যকর পেসারকে বসিয়ে রেখে তাহলে কেনই-বা তাকে একাদশে নেওয়া হলো?
দিন শেষে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। বলেছেন, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের পিচ এখন ব্যাটিং বান্ধব। এই পিচে সুবিধা করতে পারছেন না ইবাদত। তাকে দিয়ে বোলিং করানো হয়নি সেই কারণেই।
তাসকিন বলেছেন, ‘(বোলিংয়ে) একটু এদিক-সেদিক হলেই রান হচ্ছে। খুব ভালো ব্যাটিং উইকেট। স্পিনাররা হয়ত আগে ভালো করতে পারেনি। আজকে (গতকাল) কিন্তু মিরাজ ভালো শুরু করেছে। এ কারণেই দেখা গেছে দ্রুত কিছু উইকেট চলে গেছে। বোলারদের জন্য মার্জিন খুব ছোট। একটু এদিক-সেদিক হলেই (রান হচ্ছে), আমরাও দেখবেন প্রায় এক দিনেই ৪০০ এর কাছাকাছি করে ফেলেছিলাম।’
‘মার্জিন যেহেতু ছোট ক্যাপ্টেন হয়ত চিন্তা করেছে যে দুই স্পিনার দুই পাশ থেকে ভালো করছে, (তাই করিয়েছে)। হয়ত কিছুক্ষণের মধ্যেই সে (ইবাদত) আসত, লাঞ্চের পরেই ওর আসার কথা ছিল। পরে তো বৃষ্টি হলো। শুরুর এক-দুই ঘণ্টা বাদে সারা দিনই কিন্তু ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল।’- যোগ করেছেন তারকা পেসার।
তাসকিনের কথার সত্যতা আছে পরিসংখ্যানেও। ইবাদত যে ৭ ওভার বোলিং করেছেন তাতে ওভারপ্রতি রান দিয়েছেন ৫ এর বেশি করে। তার বোলিং প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি।
গতকাল টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র একটা সেশন। সেই সেশনে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। তবে তারপরও বৃষ্টি, বজ্রপাত আর মেঘলা আকাশের কারণে দিনের বাকি দুই সেশনে খেলাই হয়নি।
প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ঠিক ৪০০ রান। জবাবে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৩৮৬ রান।




