
জাকার্তা, ২৮ এপ্রিল – ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী বেকাসি শহরে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দিবাগত রাতে সংঘটিত এই দুর্ঘটনায় আরও অন্তত ৮৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রাষ্ট্রীয় রেল কোম্পানি কেএআই জানিয়েছে, জাকার্তা থেকে চিকারাংগামী একটি কমিউটার ট্রেনের সঙ্গে জাকার্তা সুরাবায়া রুটের আর্গো ব্রোমো আংগ্রেক দূরপাল্লার ট্রেনের এই সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে ধাক্কা দিলে সেটি লাইনের ওপর বিকল হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতির দূরপাল্লার ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। উদ্ধারকর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগির ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস এর প্রধান মোহাম্মদ শাফি জানান, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কাজের জায়গা সংকুচিত হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। জরুরি উদ্ধার কর্মীরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে ট্রেনের ধাতব কাঠামো কেটে আটকে পড়াদের বের করার চেষ্টা করছেন।
হাসপাতালে ভর্তি ৮৪ জনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
জীর্ণ অবকাঠামো ও অরক্ষিত লেভেল ক্রসিংয়ের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই এ ধরনের রেল দুর্ঘটনা ঘটে থাকে। এর আগে ২০১০ এবং ২০১৫ সালেও দেশটিতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছিল।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬






