ইতিহাস গড়ে শিরোপা জিতল ভারত

ইতিহাস গড়ে শিরোপা জিতল ভারত

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোন দলই দুইবারের বেশি শিরোপা জিততে পারেনি। আহমেদাবাদের ‘অপয়া’ স্টেডিয়ামে সেই রেকর্ড ভাঙতে মাঠে নেমেছিল স্বাগতিক ভারত। বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে রেকর্ড ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ভারত। টুর্নামেন্টের ফাইনালে কিউইদের ৯৬ রানে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরল সূর্যকুমার যাদবের দল।

ফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। তবে তাদের সিদ্ধান্তটা যে এভাবে ভোগাবে দলকে, সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি স্যান্টনার।

ভারতের ওপেনিং জুটি রীতিমত তাণ্ডব চালিয়েছে কিউই বোলারদের উপর। ৬ ওভারের মধ্যেই দলের স্কোর ৯০ ছোঁয়। ৮ম ওভারের প্রথম বলে ভাঙে ৯৮ রানের জুটি। ভারতের ইনিংসে ফিফট পেয়েছেন প্রথম তিন ব্যাটারই। সঞ্জু স্যামসনের ইনিংস সেরা ৮৯ রানের সঙ্গে অভিষেক শর্মা করেছেন ৫২, ইশান কিশান করেছেন ৫৪।

শেষের দিকে শিভাব দুবের ৮ বলে ২৬ রানের সুবাদে ২৫৫ রানের বিশাল রানের পুঁজি পায় ভারত।

রেকর্ড রান তাড়া করতে নেমে কখনোই জয়ের পথে ছিল না নিউজিল্যান্ড। জাসপ্রীত বুমরাহর ৪ উইকেটের সুবাদে কিউইদের ১৫৯ রানেই আটকে দেয় ভারত। বুমরাহ নিয়েছেন ১৫ রানে ৪ উইকেট, আক্সার প্যাটেল পেয়েছেন ৩ উইকেট।

শেষ পর্যন্ত ৯৬ রানের জয় নিয়ে শিরোপা উল্লাসে মাতে ভারত। যে আহমেদাবাদে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হেরে কেঁদেছিল পুরো দেশ, এবার সেখানেই হাসল ভারত।

Scroll to Top