ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম – DesheBideshe

ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম – DesheBideshe

ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম – DesheBideshe

ঢাকা, ১৯ জানুয়ারি – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম। শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে শুক্রবার (১৯ জানুয়ারি) এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, শনিবার (২০ জানুয়ারি) শহীদ আসাদ দিবস, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১-দফা দাবি আদায়ের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ। ‘আজকের এদিনে আমি শহীদ আসাদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি’।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম এ কথা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ঊনসত্তরের গণ-আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদের আত্মত্যাগ আন্দোলনকে বেগবান করে। জেল-জুলুম উপেক্ষা করে স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় এবং গণঅভ্যুত্থানে রূপ নেয়। স্বৈরশাসক আইয়ুব ক্ষমতা ছাড়তে বাধ্য হন, পতন হয় স্বৈরশাসনের।

তিনি বলেন, ‘এ গণঅভ্যুত্থানের পথ ধরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের মুক্তিসংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসে একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

রাষ্ট্রপতি শহীদ আসাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৯ জানুয়ারি ২০২৪

Scroll to Top