ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা | চ্যানেল আই অনলাইন

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলা | চ্যানেল আই অনলাইন

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্ল্যান্টের একটি পরীক্ষাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার ৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিষয়টি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-কে জানানো হয়েছে।

আইএইএ জানায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক্সটার্নাল রেডিয়েশন কন্ট্রোল ল্যাবরেটরি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ল্যাবটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, পারমাণবিক স্থাপনার কাছে যেকোনো ধরনের হামলা ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি’ তৈরি করতে পারে। তিনি জানান, ঘটনাস্থলে থাকা আইএইএ দলের সদস্যরা সংশ্লিষ্ট ল্যাবে প্রবেশের অনুমতি চেয়েছেন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ চলছে। ওই বছরের মার্চে এটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে যায়। এরপর থেকে কেন্দ্রটির আশপাশে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম দাবি করেছে, গত ২৭ এপ্রিল ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কেন্দ্রটির এক কর্মী নিহত হয়েছেন। তাদের মতে, পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা শুধু স্থানীয় জনগণের জন্য নয়, বরং সামগ্রিক নিরাপত্তার জন্যও বড় হুমকি।

Scroll to Top