তেবাস সুপার লিগের বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এমন একটি পরিকল্পনার জন্য এককভাবে রিয়াল মাদ্রিদ আর পেরেজকেই দুষছেন তিনি, ‘কিছু মানুষের ভাবনা এ রকম যে ইউরোপিয়ান ফুটবল আপনার সম্পদের ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত। চিন্তাটা এ রকম—আপনি যত বেশি ধনী, আপনার প্রভাবও ততটাই বেশি থাকবে।’ তেবাস এরপর টেনে আনেন পুরোনো একটি উদাহরণ, ‘এই ধারণার ওপর ভিত্তি করে ফ্লোরেন্তিনো পেরেজ ১৯৯৮ সালে জি১৪ (নেতৃস্থানীয় ক্লাবের গ্রুপ) বানাতে চেয়েছিল।’
তেবাস এখানেই থামেননি। রিয়াল মাদ্রিদের সভাপতির ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘কয়েক বছর পরপর ফ্লোরেন্তিনো তার পরিকল্পনার পোশাক পরিবর্তন করে মানুষকে বোঝাতে চেষ্টা করে ধনী ক্লাব, বিশেষ করে তার ক্লাবের ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণ করা উচিত।’ তেবাস এরপর যোগ করেন, ‘রিয়াল মাদ্রিদই এটাকে নেতৃত্ব দিচ্ছে। ২০০০ সাল থেকে পেরেজ ইউরোপিয়ান সুপার লিগের ধারণা নিয়ে এগোচ্ছে।’
২০২১ সালে ইউরোপিয়ান সুপার লিগ ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল উয়েফা ও ফিফা। সেই সময় এ দুটি সংস্থা হুমকি দিয়েছিল, যেসব ক্লাব বা খেলোয়াড় সুপার লিগে খেলবে, সেসব ক্লাব বা খেলোয়াড়কে নিষেধাজ্ঞা দেওয়ার সঙ্গে অর্থ জরিমানাও করা হবে।



