ইংল্যান্ড বিশ্বকাপ চ্যালেঞ্জিং হলেও মানিয়ে নিতে আত্মবিশ্বাসী স্বর্ণা আক্তার – DesheBideshe

ইংল্যান্ড বিশ্বকাপ চ্যালেঞ্জিং হলেও মানিয়ে নিতে আত্মবিশ্বাসী স্বর্ণা আক্তার – DesheBideshe

ঢাকা, ৪ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে এই পথচলা খুব একটা সহজ ছিল না তাদের জন্য।

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে অবশ্য নারী ক্রিকেটাররা বিপিএলসহ একটি আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছেন। বর্তমানে মিরপুর স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা।

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার জানান ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতার বিষয়ে। তিনি বলেন ইংল্যান্ডে আগে কখনো খেলা হয়নি এবং এবারই প্রথম সেখানে যাচ্ছেন। তাই পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে তবে তারা সেটা মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করবেন। নিজের ব্যক্তিগত লক্ষ্যের বিষয়ে প্রশ্ন করা হলে এই অলরাউন্ডার তা গোপন রাখার কথা জানান। তিনি বলেন মাঠে খেললেই সবাই তার আসল লক্ষ্য বুঝতে পারবেন। তবে দলের ঐক্যের শক্তির ওপর জোর দিয়ে তিনি জানান দলগতভাবে তারা খুব ভালো অবস্থানে আছেন এবং একে অপরকে সবসময় সাহায্য করেন। দেশের হয়ে পারফর্ম করার অনুভূতির কথা জানিয়ে স্বর্ণা বলেন দেশের জন্য খেলতে পেরে সেরাটা দেওয়াই তার মূল লক্ষ্য।

বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি সম্পর্কে তিনি জানান সামনে বিপিএল এবং জুন মাসে বিশ্বকাপ রয়েছে। এর আগে শ্রীলঙ্কা সিরিজ এবং সম্ভবত থাইল্যান্ডে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ অনুষ্ঠিত হবে। এসব কিছু মাথায় রেখেই তারা প্রস্তুত হচ্ছেন।

এনএন/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top