
লন্ডন, ১৬ জুলাই – আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। দলের এই পরাজয়ের পর কোচ থমাস টুখেলের অতি রক্ষণাত্মক কৌশলের তীব্র সমালোচনা করছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলাররা।
তবে নিজের কৌশলগত সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ নেই বলে সাফ জানিয়েছেন টুখেল। ম্যাচ শেষে তিনি বলেন, সমস্যাটি কোনোভাবেই কৌশলগত কাঠামোর ছিল না। তারা দ্বিতীয় গোলটি পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আক্রমণাত্মক খেলোয়াড় নামালে পরিস্থিতির পরিবর্তন হতো বলে তিনি মনে করেন না।
টুখেল আরও জানান, তারা ৪-৪-২ ছকেই খেলা চালিয়েছেন তবে পরিস্থিতির চাপে ক্রমশ রক্ষণাত্মক হয়ে পড়েছিলেন। এদিকে ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েইন রুনি, অ্যালেন শিয়েরার ও জো হার্ট কোচের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
রুনি বলেন, লিড পাওয়ার পর আক্রমণাত্মক খেলোয়াড় তুলে রক্ষণাত্মক ফুটবলার নামানোই ছিল কোচের সবচেয়ে বড় ভুল। তার মতে, দলের একজন আক্রমণাত্মক খেলোয়াড় যখন দেখেন ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক পরিবর্তন করা হচ্ছে, তখন তার আত্মবিশ্বাস কমে যায়।
মাঠের মধ্যে তখন কেবল রক্ষণ সামলানোর দুশ্চিন্তা কাজ করে। সাবেক গোলরক্ষক জো হার্ট মনে করেন, টুখেলের দ্রুত খেলোয়াড় পরিবর্তনের ধরন দেখে মনে হয়েছে তার নিজের দলের ওপর পর্যাপ্ত বিশ্বাস ছিল না। তিনি ভাবেননি যে আর্জেন্টিনার বিপক্ষে আক্রমণ বজায় রাখা সম্ভব।
অন্যদিকে সাবেক স্ট্রাইকার অ্যালেন শিয়েরার মনে করেন, টুখেলের পরিকল্পনা বুমেরাং হয়েছে এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি বলেন, কোচ ম্যাচ জিততে খুব তাড়াহুড়ো করে কৌশল পরিবর্তন করেছিলেন যার ফলাফল দলের বিপক্ষে গিয়েছে।
এস এম/ ১৬ জুলাই ২০২৬






