ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই – DesheBideshe

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই – DesheBideshe


ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই – DesheBideshe

লন্ডন, ২১ জুলাই – ইংল্যান্ডের সাবেক অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান পরলোকগমন করেছেন। দীর্ঘ সময় ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাত্র সাত সপ্তাহ আগে কিগান নিজেই তার অসুস্থতার কথা জনসমক্ষে প্রকাশ করেছিলেন। গত জুনে তিনি জানান যে, তার শরীরে ক্যান্সার চতুর্থ স্তরে পৌঁছেছে এবং তা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। জীবনের শেষ সময়টুকু তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই কাটিয়েছেন।

খেলোয়াড়ি জীবনে কিগান ছিলেন ইংলিশ ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। লিভারপুলের হয়ে ছয় বছরের ক্যারিয়ারে তিনি তিনটি লিগ শিরোপা, একটি ইউরোপিয়ান কাপ এবং দুটি উয়েফা কাপ জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করেন। পরবর্তী সময়ে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে দলটিকে বুন্ডেসলিগা শিরোপা জেতাতে প্রধান ভূমিকা রাখেন তিনি।

এ ছাড়া সাউথ্যাম্পটন ও নিউক্যাসল ইউনাইটেডের জার্সিতেও মাঠ মাতিয়েছেন এই ফরোয়ার্ড। ব্যক্তিগত অর্জনে কিগান ছিলেন অপ্রতিরোধ্য। ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর লাভ করেন তিনি। ইংল্যান্ডের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র চারজন ফুটবলার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন, কিগান তাদের মধ্যে অন্যতম।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১৯৭২ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ৬৩টি ম্যাচ খেলেছেন তিনি এবং গোল করেছেন ২১টি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।

এছাড়াও নিউক্যাসল ইউনাইটেড, ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির ডাগআউটেও তাকে দেখা গেছে। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিসহ ইংল্যান্ডের ফুটবল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তার অধীনে খেলা সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়ারার শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন আমার নায়ক, কোচ এবং এক পরম বন্ধু।

এস এম/ ২১ জুলাই ২০২৬



Scroll to Top