ঢাকা, ২০ ফেব্রুয়ারি – টি-টোয়েন্টি বিশ্বকাপ চললেও বাংলাদেশ দল সেখানে না থাকায় দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে তেমন কোনো আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। দলের অংশগ্রহণ না করা নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ভিন্নধর্মী মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। শুরুতে তিনি জানিয়েছিলেন যে সরকারের সিদ্ধান্তে টাইগাররা খেলছে না, তবে পরবর্তীতে তিনি জানান এটি বিসিবি ও ক্রিকেটারদের নিজস্ব সিদ্ধান্ত।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি মন্তব্য করেছেন যে দেশের স্বার্থে অনেকেই অনেক কিছু ত্যাগ করতে রাজি থাকে, কিন্তু খেলোয়াড়দের মানসিক সমর্থনের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। সালাউদ্দিন বলেন, ছেলেদের ওপর হাত বুলিয়ে কারণ ব্যাখ্যা করলে অনেক কিছুই মেনে নেওয়া সম্ভব হতো। দিন শেষে আর্থিক বিষয় বা সম্মান অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায় এবং তাদের পাশে থাকাটা জরুরি ছিল। আসিফ নজরুলের মন্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়ে তিনি যেভাবে অসত্য কথা বলেছেন বা বক্তব্যের ইউটার্ন নিয়েছেন, তা মেনে নেওয়া কঠিন।
তিনি উল্লেখ করেন, একজন খেলোয়াড় ২৭ বছর ধরে যে স্বপ্ন দেখে তা মুহূর্তের মধ্যে নষ্ট করে দেওয়া হয়েছে। বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ প্রসঙ্গে কোচ আরও জানান, এক বছর আগে থেকেই খেলোয়াড়রা এই মঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের জন্য এই পরিস্থিতি কতটা বেদনাদায়ক তা কেবল তারাই উপলব্ধি করতে পারছেন। সান্ত্বনা বা অনুপ্রেরণা দিলেও এই ক্ষতি অপূরণীয়। তবে কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে বলেও মত দেন তিনি।
এসএএস/ ২০ ফেব্রুয়ারি ২০২৬




