
অসলো, ১৪ আগস্ট – রেকর্ডময় এক ক্যারিয়ারে আরও একটি নতুন অর্জন যোগ হলো আর্লিং হলান্ডের। নতুন মৌসুমের অভিযান শুরুর আগে ইতিহাদ স্টেডিয়ামে ক্যারিয়ারের অবিশ্বাস্য কিছু গোল করার স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি সনদ পেয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
প্রিমিয়ার লিগ, ইউয়েফা নেশনস লিগ এবং ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ সব কীর্তি গড়ার স্বীকৃতিস্বরূপ ৪টি সনদ দেওয়া হয়েছে হলান্ডকে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় যে নতুন মৌসুম শুরুর আগমুহূর্তে হলান্ডের হাতে এই সনদগুলো তুলে দেওয়া হয়েছে।
স্বীকৃতি পাওয়া রেকর্ডগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে কম ম্যাচে প্রিমিয়ার লিগে ১০০ গোল করার কীর্তি। গত বছরের ২ ডিসেম্বর ফুলহ্যামের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে মাত্র ১১১ ম্যাচেই এই মাইলফলকে পৌঁছান হলান্ড। ২০২২ থেকে ২০২৩ মৌসুমের শুরুতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার ঠিক তিন বছরের একটু বেশি সময়ের মধ্যে এই অর্জন ধরা দেয় তাঁর পায়ে।
এছাড়া প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই ৩৮ ম্যাচের সংস্করণে সর্বাধিক ৩৬ গোল করার জন্য আরেকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব অর্জন করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলেও নিজের ছাপ রেখেছেন এই নরওয়েজিয়ান তারকা। ইউয়েফা নেশনস লিগে ১৯ গোল করে এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন হলান্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ২০২০ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৭ নভেম্বরের মধ্যে করা তাঁর গোলগুলোকে এই রেকর্ডের জন্য বিবেচনা করেছে। হলান্ডের চতুর্থ সনদটি এসেছে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে পাঁচ গোলের অনবদ্য পারফরম্যান্সের জন্য। ২০২৩ সালের ১৪ মার্চ আরবি লাইপজিগের বিপক্ষে এই বিরল কীর্তি গড়েন তিনি। এর আগে এই কৃতিত্ব কেবল লিওনেল মেসি এবং লুইজ আদ্রিয়ানোর ছিল।
এস এম/ ১৪ আগস্ট ২০২৬


