ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে স্বাধীন কমিশনের দেওয়া রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপিল করেছে ইংলিশ জায়ান্টরা। আপিলের শুনানি হবে স্বাধীন একটি আপিল বোর্ডে। সেই সঙ্গে এই পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনীয়।
গত মঙ্গলবার প্রকাশিত কমিশনের সিদ্ধান্তে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮—টানা নয় মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করা হয়। কমিশনের মতে, ক্লাবটি বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে ‘ভুয়া চুক্তি’ ব্যবহার করে আয় বাড়িয়ে এবং ব্যয় কম দেখানোর মাধ্যমে আর্থিক নিয়ম মেনে চলার চিত্র তৈরি করেছিল। এসব ব্যবস্থার মাধ্যমে ওই সময়ে ৯০০ মিলিয়ন পাউন্ডের বেশি আয় ও ব্যয়ের হিসাবে প্রভাব পড়েছিল বলে প্রিমিয়ার লিগ জানিয়েছে।
শুধু আর্থিক হিসাবের অভিযোগ নয়, আরও বেশ কিছু অভিযোগ ছিল সিটির বিরুদ্ধে এবং তাতে দোষী সাব্যস্তও করা হয়। অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে ম্যানচেস্টার সিটি। এবার আপিলের ঘোষণাতেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্লাবটি।
এক বিবৃতিতে সিটি বলেছে, ‘ক্লাবের দৃঢ় অবস্থান হলো — বিভিন্ন কারণে এই মতামতে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে স্পষ্ট গুরুত্বপূর্ণ ভুল রয়েছে এবং এটি নিরাপদ কোনো সিদ্ধান্ত নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রিমিয়ার লিগের আনা অভিযোগে ক্লাব নির্দোষ এবং এই মামলায় আমাদের প্রতিটি অবস্থানের পক্ষে অখণ্ডনীয় প্রমাণের একটি বিস্তৃত ভাণ্ডার রয়েছে।’
এখন মামলাটি যাবে স্বাধীন আপিল বোর্ডের কাছে। প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, আপিল বোর্ডের তিন সদস্য থাকবেন এবং তাদের নিয়োগ করবেন জুডিশিয়াল প্যানেলের চেয়ারম্যান। বোর্ড চাইলে কমিশনের সিদ্ধান্ত বহাল রাখতে, বাতিল করতে কিংবা প্রয়োজন অনুযায়ী সেটিতে পরিবর্তন আনতে পারবে।
এদিকে রায়ের পরও এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কোনো শাস্তি ঘোষণা করা হয়নি। এর মধ্যেই নতুন করে আপিল করল সিটি।




