আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ – DesheBideshe

আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ – DesheBideshe


আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে থাকছেন স্লাভকো ভিনচিচ – DesheBideshe

মাদ্রিদ, ১৭ জুলাই – ফুটবল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মহারণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আগামী রবিবার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ।

৪৬ বছর বয়সী এই রেফারির নিয়োগ নিয়ে ইতিমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকদের মাঝে তাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মূল কারণ ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ।

সৌদি আরবের বিপক্ষে সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ভিনচিচ যেখানে লিওনেল মেসির দল ২-১ গোলে পরাজিত হয়েছিল। ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি স্পেন ও ইতালির মধ্যকার উয়েফা নেশনস লিগের সেমিফাইনাল এবং রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ সফলভাবে পরিচালনা করেছেন।

তবে মাঠের বাইরে তার জীবন ছিল কিছুটা বিতর্কিত। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি পুলিশি অভিযানে মাদক ও অস্ত্র পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাকে আটক করা হয়েছিল। যদিও পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হন তিনি এবং জানান যে তিনি কেবল আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের মেগা ফাইনালে ভিনচিচকে সহায়তা করবেন তার স্বদেশি সহকারী রেফারি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ। ফুটবলপ্রেমীদের নজর এখন এই রেফারি প্যানেলের দিকে যে তারা কতটা নির্ভুলভাবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করতে পারেন।

এস এম/ ১৭ জুলাই ২০২৬



Scroll to Top