আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ছেন স্কালোনি?

আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ছেন স্কালোনি?

নক্ষত্রেরও পতন হয়। মেসি ও আর্জেন্টিনার স্বপ্নযাত্রাও থামল ২০২৬ এর ফাইনালে এসে। স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে এলো আরেকটি খারাপ খবর। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করার পর কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিলেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ করেই তিনি জাতীয় দলের দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন। তার এই আকস্মিক ঘোষণায় স্তব্ধ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আলবিসেলেস্তেরা।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে প্রথমে প্রতিপক্ষ স্পেনের প্রশংসা করেন স্কালোনি। তারপর কাঁপা কণ্ঠে নিজের চাকরি নিয়ে বলেন, ‘আমি সভাপতির সঙ্গে কথা বলব। আমার মনে একটি পরিকল্পনা আছে। তবে চুক্তি অনুযায়ী আগে সময়টা শেষ করি, তারপর দেখা যাবে। সত্যি বলতে, আমার একটু ভেবে দেখার প্রয়োজন আছে। কারণ আমি জানি না, এর চেয়ে বড় বা দারুণ কিছু আর কখনো অর্জন করতে পারব কি না।’

টানা দুটি বিশ্বকাপ ফাইনাল, এর একটিতে বিশ্বজয় এবং অদম্য এক ফুটবল প্রজন্মকে গড়ে তোলার পর মানসিকভাবে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন এই সফল কোচ। তবে বিদায়ের ক্ষণেও দলের মূল শক্তিকে টিকিয়ে রাখার আকুতি ঝরেছে তার কণ্ঠে। স্কালোনি যোগ করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্পিরিট টিকিয়ে রাখা, আর্জেন্টিনার জনগণ এবং দলের মধ্যকার এই আবেগপূর্ণ বন্ধন বজায় রাখা। আমি এ নিয়ে ভীষণ গর্বিত।’

চলতি বছরের ডিসেম্বরেই স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিশ্বজয়ী এই কোচের অধীনে আর্জেন্টিনা কেবল মাঠেই জয় পায়নি, বরং দলটি হয়ে উঠেছিল একটি পরিবার। স্কালোনির বিদায়ের ইঙ্গিতের পর প্রশ্ন উঠেছে- তার স্থলাভিষিক্ত কে হবেন এবং আর্জেন্টিনা কি তাদের বর্তমান ছন্দ ধরে রাখতে পারবে কি না। আপাতত সব প্রশ্নের উত্তর সময়ের হাতে ছেড়ে দিতে হচ্ছে।

Scroll to Top