আমাকে দমানো সহজ নয়: বাঁধন – Sarabangla

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়ে মেস্ত্রে এলাকার একটি পার্কে কতিপয় ব্যক্তির অনাকাঙ্ক্ষিত হামলা ও শারীরিক হেনস্তার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে ভাই ও তার পরিবারের সদস্যদের সাথে ঘুরতে গেলে একদল লোক তার ওপর হামলা চালায় এবং তার গায়ে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে। হামলার একপর্যায়ে এই অভিনেত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, কানের পাশে আঘাত করা হয় এবং তার হাতের মুঠোফোন আছড়ে ফেলে দেওয়া হয়। এমনকি তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়। বাঁধনের সঙ্গে থাকা শিশুটির কান্নার তোয়াক্কা না করে হামলাকারীরা উগ্র আচরণ চালিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে ভিডিও রেকর্ড করে।

ঘটনার পর পর ফেসবুকে সরাসরি যুক্ত হয়ে ও কয়েকটি ভিডিও বার্তা শেয়ার করে বাঁধন পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরেন। হামলাকারীরা নিজেদের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেয়। এই আক্রমণের জবাব দিয়ে বাঁধন শক্ত কণ্ঠে ঘোষণা করেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং একজন আজমেরী হক বাঁধনকে এভাবে ভয় দেখিয়ে দমানো এত সহজ হবে না। সারা বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন শিল্পীকে হেনস্তা করার মাধ্যমে হামলাকারীরা নিজেদের অসংলগ্ন আচরণ ও ব্যর্থতাই প্রকাশ করেছে বলে তিনি মন্তব্য করেন। একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন উল্লেখ করে বাঁধন এই অন্যায়ের বিষয়টি তার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং জানান যে এই ঘটনায় তিনি স্থানীয় থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

Scroll to Top