আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা | চ্যানেল আই অনলাইন

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা | চ্যানেল আই অনলাইন

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্ন চিকিৎসকেরা।

প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে পৌঁছায়।

প্রতিনিধি দলে মূলত ভারত ও মালদ্বীপের শিক্ষার্থীরা ছিলেন, যারা বর্তমানে আদ-দ্বীন মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছেন।

শিক্ষার্থীরা জানান, তাদের নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী মেডিকেল ডিগ্রি সম্পন্ন করার পর অনুমোদিত হাসপাতালেই ইন্টার্নশিপ শেষ করা বাধ্যতামূলক। কিন্তু হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। এতে চিকিৎসক হিসেবে নিবন্ধন ও ভবিষ্যতে রোগী দেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, ওই প্রতিষ্ঠানে ৩০ জনের বেশি বিদেশি শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন। মোট শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৩শ’র বেশি।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়ে উপস্থিত না থাকায় প্রতিনিধি দল সহকারী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমস্যা তুলে ধরেন।

প্রসঙ্গত, ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলা এবং তদন্তে সন্তোষজনক জবাব দিতে না পারায় গত ১১ জুন সরকার রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর লাইসেন্স বাতিল করে।

Scroll to Top