উচ্চ আদালতের নির্দেশে এখন পর্যন্ত ৪৮ জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন। সে হিসেবে এই নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৩। এটি আরও বাড়তে পারে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুসারে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার বাছাই, নির্বাচন কমিশনে (ইসি) আপিল ও প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাই ও ইসির আপিলে বাদ পড়া অনেকে উচ্চ আদালতে যান প্রার্থিতা ফিরে পেতে।


