আজ থেকে বিএনপির লিফলেট বিতরণ শুরু – DesheBideshe

আজ থেকে বিএনপির লিফলেট বিতরণ শুরু – DesheBideshe

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ঢাকাসহ সব সাংগঠনিক মহানগরে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে টানা দুদিন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। নগরীর স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতাদের কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করার কথা রয়েছে। বিএনপির সঙ্গে একই কর্মসূচি পালন করবে এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

গত রোববার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত-বাংলাদেশ এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে। এরপর ১৭ ফেব্রুয়ারি সব জেলা শহরে এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচি পালন করবে দলটি।

এ ছাড়া ভারত ও মিয়ানমার সীমান্তে দেশ দুটির সীমান্তরক্ষীদের ছোড়া গুলিতে নিহত বাংলাদেশিদের স্মরণে ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করবে দলটি।

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি সবশেষ গত ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের শুরুর দিন ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিলে কর্মসূচি পালন করে।

সূত্র: কালবেলা
আইএ/ ১৩ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top