টসে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগে বোলিং করেছিল বাংলাদেশ। পরে ব্যাটিং করাটা বাংলাদেশকে বেশ ভুগিয়েছিল। আজ দ্বিতীয় ওয়ানডেতেও সেই অসুবিধাটাই মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। আজও আগে বোলিং করতে হবে স্বাগতিকদের।
কারণ আজও টস জিতে বাংলাদেশকে আগে বোলিং করার আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা মাঠে গড়াবে সকাল ১১টায়।
একটি পরিবর্তন নিয়ে আজ একাদশে সাজিয়েছে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন ধ্রুবর বদল একাদশে ডাকা হয়েছে টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে।
গতকাল শোনা গিয়েছিল, প্রথম ওয়ানডের আগে চোট পাওয়া মোস্তাফিজুর রহমান দ্বিতীয় ওয়ানডে খেলার জন্য ফিট। তবে আজ বাংলাদেশ একাদশে নেই মোস্তাফিজের নাম। প্রথম ওয়ানডে খেলা তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামই আছেন আজকের ম্যাচের একাদশে।
সৌম্য সরকার প্রায় ছয় মাস পর বাংলাদেশের হয়ে খেলতে নামছেন। গত অক্টোবরের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।


