দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের প্রার্থীর এক দল সমর্থককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা। শাহবাগ, রমনা, মতিঝিল ও শাহজাহানপুর থানা–আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৭ জনকে কারণ দর্শাতে বলা হয়েছে।
ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও যুগ্ম জেলা জজ মোছাম্মৎ ইসরাত জাহান নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের নেতাদের কারণ দর্শাতে বলা হয়। এতে বলা হয়, এসব এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে যত ব্যানার-পোস্টার টাঙানো হয়েছে, তার অধিকাংশ ক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘিত হয়েছে।





