আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি কোহলির বিশেষ বার্তা পেলেন ১৫ বছরের সূর্যবংশী – DesheBideshe

আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি কোহলির বিশেষ বার্তা পেলেন ১৫ বছরের সূর্যবংশী – DesheBideshe


আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি কোহলির বিশেষ বার্তা পেলেন ১৫ বছরের সূর্যবংশী – DesheBideshe

দিল্লী, ১১ এপ্রিল – এবারের আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভাব সূর্যবংশী। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ এখন তার দখলেই রয়েছে। তবে তার কাছে সবচেয়ে অমূল্য রত্ন হয়ে উঠেছে আরেকটি ক্যাপ, যেখানে মিশে আছে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির ভালোবাসা ও আশীর্বাদ। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৬ বলে ৭৮ রানের এক চোখধাঁধানো ইনিংস খেলেন সূর্যবংশী। তার এই দুর্দান্ত ব্যাটিংয়ে কোহলিদের ২০১ রানের পাহাড় টপকে ২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।

এই ম্যাচে ধ্রুব জুরেল ৪৩ বলে ৮১ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে শুরুর দিকে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার ওঠে সূর্যবংশীর হাতেই। ম্যাচের পর রাজস্থান রয়্যালসের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করা হয়। ওই ছবিতে দেখা যায়, সূর্যবংশীর ম্যাচসেরার ট্রফি ও অরেঞ্জ ক্যাপের ঠিক মাঝখানে রাখা রাজস্থান রয়্যালসের একটি ক্যাপ। আর সেই ক্যাপে রয়েছে একটি অটোগ্রাফ ও বিশেষ বার্তা। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, অটোগ্রাফটি বিরাট কোহলির।

সেখানে ছোট্ট করে লেখা রয়েছে, ‘ডিয়ার বৈভাব, ওয়েল ডান’। সূর্যবংশী নিজেই এখন ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন হিসেবে আবির্ভূত হয়েছেন। তবে তারকাখ্যাতি বোঝার মতো বয়স এখনও তার হয়নি। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণের ভেতরে একজন কোহলি ভক্ত এখনও প্রবলভাবে জাগ্রত রয়েছে।

তাই বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর এই কিংবদন্তির কাছে গিয়ে কথা বলার পাশাপাশি তার অটোগ্রাফও সংগ্রহ করেন তিনি। গত আইপিএলে চমকপ্রদ অভিষেকের পর এবারের আসরেও সূর্যবংশী তার বিস্ময়কর যাত্রা অব্যাহত রেখেছেন। গতবার টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে সুযোগ পেয়ে ৭ ইনিংসে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করেছিলেন। আর এবার মাত্র ৪ ইনিংসেই ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে ২০০ রান পূরণ করে ফেলেছেন এই তরুণ প্রতিভা।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬



Scroll to Top