দিল্লী, ২৭ মার্চ – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুটি জনপ্রিয় দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজি বিক্রির মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোষাগারে বিপুল অঙ্কের অর্থ জমা হবে। সম্প্রতি রেকর্ড পরিমাণ মূল্যে দল দুটি বিক্রি হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী দলের মালিকানা পরিবর্তন হলে মোট বিক্রয়মূল্যের ৫ শতাংশ অর্থ হস্তান্তর ফি হিসেবে বোর্ড পেয়ে থাকে।
সেই হিসেবে এই দুই দলের বিক্রি থেকে বোর্ড প্রায় ১ হাজার ৫৫০ কোটি থেকে ১ হাজার ৮৮৩ কোটি রুপি আয় করতে যাচ্ছে। জানা গেছে, প্রায় ১৭৮ কোটি মার্কিন ডলার বা ১৬ হাজার ৬৬০ কোটি রুপিতে বেঙ্গালুরু দলটি কিনে নিয়েছে একাধিক প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম বা জোট।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের মালিকানা কিনে নিয়েছে আরেকটি বিনিয়োগকারী জোট। রাজস্থান বিক্রি হয়েছে প্রায় ১৬৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ১৫ হাজার ২৯০ কোটি রুপিতে। আইপিএলের প্রতিটি দলের চুক্তিতেই এই ৫ শতাংশ ফি দেওয়ার শর্ত পরিষ্কারভাবে উল্লেখ থাকে। ফলে যখনই কোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের মালিকানা পরিবর্তন করে, তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড সেই চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট অংশের অর্থ লাভ করে।
এস এম/ ২৭ মার্চ ২০২৬







