
বিশ্বের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় পরিবেশবাদী সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)-এর ন্যাশনাল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মুকিত মজুমদার বাবুর এ দায়িত্ব গ্রহণে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পরিবার। ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৫ অক্টোবর প্রতিষ্ঠিত আইইউসিএন বিশ্বের অন্যতম বৃহৎ ও বৈচিত্র্যময় পরিবেশ সংরক্ষণ নেটওয়ার্ক। সংস্থাটি বিপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন করে ‘আইইউসিএন রেড লিস্ট অব থ্রেটেন্ড স্পিসিস’ প্রকাশ করে থাকে।
এ ছাড়া বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল রক্ষা, বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা এবং বিভিন্ন দেশের সরকারকে টেকসই পরিবেশনীতি ও আইন প্রণয়নে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার মাধ্যমে বৈশ্বিক জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সংস্থাটি।
মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




