অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়েছেন রাফিনিয়া, এমআরআই রিপোর্টের অপেক্ষায় বার্সেলোনা – DesheBideshe

অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়েছেন রাফিনিয়া, এমআরআই রিপোর্টের অপেক্ষায় বার্সেলোনা – DesheBideshe


অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়েছেন রাফিনিয়া, এমআরআই রিপোর্টের অপেক্ষায় বার্সেলোনা – DesheBideshe
রাফিনিয়া

ব্রাসিলিয়া, ৩০ সেপ্টেম্বর- ব্রাজিলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে রাফিনিয়ার চোটে উদ্বিগ্ন হয়ে পড়েছে বার্সেলোনা। ডান উরুর চোট কতটা গুরুতর এবং এর ধরন কী, তা জানতে এমআরআই পরীক্ষার ফলের অপেক্ষায় আছে কাতালান ক্লাবটি। এ ঘটনার পর ফিফার আন্তর্জাতিক বিরতির সূচি নিয়েও প্রশ্ন তুলেছেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা।

মঙ্গলবার ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। তবে ডান উরুতে ব্যথা অনুভব করায় বিরতির পর আর মাঠে নামেননি তিনি।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে করেছেন ১৪ গোল। দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড় চোট পাওয়ায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা।

কাতালুনিয়া রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, রাফিনিয়ার চোটের খবর তাদের উদ্বিগ্ন করেছে। আন্তর্জাতিক বিরতিতে এর আগেও অন্য খেলোয়াড়েরা এমন সমস্যায় পড়েছেন উল্লেখ করে দীর্ঘ আন্তর্জাতিক বিরতির ঝুঁকি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রাফিনিয়ার এই চোট অবশ্য একেবারে নতুন নয়। জাতীয় দলের হয়ে আগের দুটি ক্যাম্পেও একই জায়গায় সমস্যা হয়েছিল তার। চোট গুরুতর হলে তাকে দ্রুত বার্সেলোনায় ফিরিয়ে আনার বিষয়টি ক্লাবটি বিবেচনা করছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

চোটের কারণে শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের পরবর্তী প্রীতি ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বুধবার বিশ্রামে থাকবে ব্রাজিল দল। এরপর ব্রিসবেনে আরও একটি অনুশীলন করে ভারতের উদ্দেশে রওনা হবে তারা। শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এস এম/ ৩০ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top