অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য বাংলাদেশের: হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ায় শুধু লড়াই নয়, জয়ের লক্ষ্য বাংলাদেশের: হাবিবুল বাশার

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বদলে যাওয়া মানসিকতার কথা স্মরণ করলেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, একসময় বিদেশ সফরে বাংলাদেশের লক্ষ্য ছিল শুধু টিকে থাকা। তবে এখন সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের প্রথম বহর ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। শনিবার রাতে দ্বিতীয় বহরের সঙ্গে দেশ ছাড়েন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ঢাকা ত্যাগের আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তিত মানসিকতার কথা তুলে ধরে বাশার বলেন, ‘চ্যালেঞ্জ তো ২৩ বছর আগেও ছিল, এখনো আছে। তবে তখনকার লক্ষ্য আর এখনকার লক্ষ্য এক নয়। তখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা ধরে রাখাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এখন আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, ভালো কিছু করতে চাই।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক বললেন, সময়ের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট অনেক পরিণত হয়েছে। ফলে এখন অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার মানসিকতা তৈরি হয়েছে দলের মধ্যে।

অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে অন্তর্ভূক্ত হয়েছেন লিটন দাস। তবে পেসার নাহিদ রানার ছিটকে পড়া নিয়ে আক্ষেপও আছে। বাশার বলেন, ‘আমাদের নিয়মিত সদস্য তিনজন বাইরে চলে গিয়েছিল—নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। লিটনকে ফিরে পেয়েছি, এটা অবশ্যই ভালো খবর। নাহিদকে হয়তো পাব না। শরিফুল ফিরতে পারলে সেটাও আমাদের জন্য বড় স্বস্তি হবে। লিটনের ফেরায় ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হয়েছে।’

অস্ট্রেলিয়ার কন্ডিশন ও প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে পুরোপুরি সচেতন বাংলাদেশ দল। তবে সেটিকে ভয় নয়, বরং নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবেই দেখছেন ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘আমার মনে হয় সবাই খুব রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ায় ভালো কিছু করার সুযোগকে সবাই নিজেদের ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। আমরা জানি কাজটা কঠিন, কারণ অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। কিন্তু সবাই এমন কিছু করতে চায়, যেটা সারা জীবন মনে রাখবে এবং যেটা তাদের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হয়ে থাকবে।’

Scroll to Top