বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সিনিয়র-জুনিয়র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবার একই প্রশ্ন, ‘সামি, তোমার পেপার কোথায়?’ একদিকে সেমিস্টার ফাইনালের চাপ, অন্যদিকে ল্যাপটপে তিন হাজার লাইনের কোড রান করার চাপ। তার ওপর ঘণ্টার পর ঘণ্টা কোড রান করেও সামান্য ভুল হলেই আবার প্রথম থেকে শুরু করার যন্ত্রণা। এত চাপে দিশাহারা হয়ে পেপার, অর্থাৎ গবেষণাপত্র জমা দেওয়ার সময়সীমাই পার করে ফেলছিলেন সামি মোহাম্মদ। রাতভর কাজ করে শেষমেশ কোনোমতে গবেষণাপত্র জমা দিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন তিনি। তবে ভাবতেও পারেননি, ১৯তম সাউথ এশিয়ান ইকোনমিকস স্টুডেন্টস মিট-এ পেয়ে যাবেন ‘সেন-হক বেস্ট অব দ্য বেস্ট পেপার অ্যাওয়ার্ড’! তাঁর কল্যাণে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার এল বাংলাদেশের ঘরে।
প্রতিবছর এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান ইকোনমিকস স্টুডেন্টস মিট, সংক্ষেপে সেসেম। সেসেমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সম্মেলনের পাশাপাশি তাঁদের জন্য থাকে নানা প্রতিযোগিতার আয়োজন। এ বছর ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি সেসেম অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কার কলম্বোতে। গবেষণাপত্র প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পলিসি প্রেজেন্টেশন এবং ‘বাডিং ইকোনমিস্ট’ নামে দক্ষিণ এশিয়ায় সেরা অর্থনীতির শিক্ষার্থী খুঁজে নেওয়ার প্রতিযোগিতা দিয়ে সাজানো এই অনুষ্ঠানের মূল আকর্ষণ—গবেষণাপত্র উপস্থাপন।




