অবসরের দশ বছর পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো!

ফুটবল মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বকাপজয়ী এই তারকার। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করেছেন তিনি।

অবসরের এক দশকেরও বেশি সময় পর গত জুনে রাভেনার সঙ্গে চুক্তি করেন রোনালদিনহো। বৃহস্পতিবার ক্লাবটির শহরে পৌঁছালে তাকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। দিনটিকে ‘রোনালদিনহো ডে’ হিসেবে উদ্‌যাপন করে ক্লাব কর্তৃপক্ষ। সমুদ্রসৈকতের পাশে পতাকা ওড়ানো এবং আতশবাজির মাধ্যমে কিংবদন্তিকে স্বাগত জানান সমর্থকেরা।

রাভেনায় পৌঁছে ভক্তদের উচ্ছ্বাসে সাড়া দিয়েছেন রোনালদিনহোও। আবারও মাঠে ফেরার বিষয়ে আশাবাদি এমন কথা জানিয়েছেন তিনি। তবে ঠিক কবে মাঠে নামবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাননি তিনি। ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, মাঠে নামার সিদ্ধান্ত মূলত ক্লাবের সভাপতি ও কোচের ওপর নির্ভর করবে।

রোনালদিনহো বলেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে থাকতে পেরে আমি খুব খুশি। তবে অপেক্ষা করে দেখতে হবে দলের সঙ্গে সবকিছু ভালোভাবে এগোয় কি না। আমি ভালো আছি। (মাঠে নামার বিষয়ে) আমি জানি না। এটা প্রেসিডেন্ট ও কোচের ওপর নির্ভর করছে। আমি জানি না।’

রাভেনার মৌসুমের প্রথম ম্যাচ আগামী সোমবার সিরি সি-তে। সেই ম্যাচে রোনালদিনহোকে দেখা যাবে না। পুরো মৌসুমে তাকে কতটা সময় মাঠে পাওয়া যাবে, সেটিও এখনো পরিষ্কার নয়।

তবে রাভেনার প্রেসিডেন্ট ইগনাজিও সিপরিয়ানি জানিয়েছেন, দলের হয়ে ক্যারিয়ারের শেষ গোলটি করার স্বপ্ন দেখছেন রোনালদিনহো। আর সেই স্বপ্ন পূরণ হলে আরও একটি ব্যক্তিগত মাইলফলক ছুঁয়ে ফেলবেন।

২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষ অফিসিয়াল ম্যাচ খেলে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনেছিলেন রোনালদিনহো। তার ক্যারিয়ারে গোলসংখ্যা ২৯৯। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

Scroll to Top