অবশেষে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে মার্কিন ভিসা পেলেন ভোজিনহার মা – DesheBideshe

অবশেষে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে মার্কিন ভিসা পেলেন ভোজিনহার মা – DesheBideshe


অবশেষে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে মার্কিন ভিসা পেলেন ভোজিনহার মা – DesheBideshe

ওয়াশিংটন, ১৮ জুন – বিশ্বকাপ ফুটবলের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে আফ্রিকার ক্ষুদ্র দেশ কেপ ভার্দে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। সেই ম্যাচে পোস্টের নিচে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে দলকে রক্ষা করেছিলেন গোলরক্ষক ভোজিনহা।

তবে মাঠের সাফল্যের পেছনে তার মনে ছিল এক চাপা আক্ষেপ। আর্থিক ও প্রশাসনিক জটিলতায় তার মা আনা ক্যান্ডিদা এভোরা গ্যালারিতে বসে ছেলের খেলা দেখার সুযোগ পাচ্ছিলেন না। অবশেষে সেই সব বাধা দূর হয়েছে এবং তিনি মার্কিন ভিসা পেয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সরকার কেপ ভার্দেকে একটি বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করে।

এর ফলে সেই দেশের নাগরিকদের মার্কিন ভিসা পেতে হলে সাধারণ ফি ছাড়াও বাড়তি প্রায় ১৫ হাজার মার্কিন ডলার ফেরতযোগ্য জামানত জমা দেওয়ার নিয়ম করা হয়। এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান করতে না পারায় ভোজিনহার মায়ের ভিসা প্রক্রিয়া আটকে গিয়েছিল।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। ভোজিনহার মায়ের এই মানবিক আবেদনের বিষয়টি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নজরে আসে। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস এক বার্তায় নিশ্চিত করেছেন যে, আনা ক্যান্ডিদা এভোরাকে ভিসা প্রদান করা হয়েছে।

এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মূলত তার হস্তক্ষেপে ভিসা ফি মওকুফ করে দ্রুততার সঙ্গে সব কাজ সম্পন্ন করা হয়। হাকিম জেফ্রিস এই সফল উদ্যোগের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা, কেপ ভার্দে সরকার এবং ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন।

ফিফা ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের আন্তরিক সহযোগিতায় সব জটিলতার অবসান ঘটল। এর ফলে বিশ্বকাপের পরবর্তী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে যখন ভোজিনহা লড়াই করবেন, তখন গ্যালারিতে উপস্থিত থেকে তাকে সাহস জোগাবেন তার মা।

এস এম/ ১৮ জুন ২০২৬



Scroll to Top