পরশু রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাবটির কাছে ১-০ ব্যবধানে হেরেছে বায়ার্ন। জার্মান ক্লাবটির চ্যাম্পিয়নস লিগ ইতিহাস বলছে, সবশেষ যে সাত আসরে দলটি নকআউটের প্রথম লেগে হেরেছে, ছয়টিতেই পরের লেগে আর ঘুরে দাঁড়াতে পারেনি। আগামী ৫ মার্চ মিউনিখের ফিরতি লেগ তাই বাভারিয়ানদের জন্য হাজির হচ্ছে পাহাড়জয়ের চ্যালেঞ্জ নিয়ে। যে চ্যালেঞ্জ কেইনের জন্য সম্ভবত আরও বেশি।
গত গ্রীষ্মে টটেনহাম থেকে বায়ার্নে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানানোর সময় স্পষ্ট করেই বলেছিলেন, ট্রফি জিততে চান। যে ট্রফি জিততে পারতেন ১২ আগস্ট বায়ার্নে নাম লেখানোর ১২ ঘণ্টার মধ্যেই। সে দিন ছিল জার্মান সুপার কাপের ফাইনাল, যে ট্রফি সবশেষ সাত বছরের ছয়বারই জিতেছে বায়ার্ন। কিন্তু কেইন নামতে না নামতেই জার্মান সুপার কাপে বায়ার্ন-রাজত্ব শেষ! আলিয়াঞ্জ অ্যারেনায় লাইপজিগের কাছে বায়ার্ন হেরে বসে ৩-০ ব্যবধানে।
সেই যে প্রথম দিনেই ‘কুফা’টা লাগল, গত ছয় মাসে তা শুধু বেড়েই চলেছে। নভেম্বরে জার্মানির কাপ প্রতিযোগিতা ডিএফবি-পোকাল থেকেও ছিটকে যায় বায়ার্ন।



