অনূর্ধ্ব-২৩ দলের নতুন যাত্রা, মিরপুরে শুরু প্রস্তুতি ক্যাম্প

অনূর্ধ্ব-২৩ দলের নতুন যাত্রা, মিরপুরে শুরু প্রস্তুতি ক্যাম্প

বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের কাঠামোয় নতুন এক সংযোজন হয়েছে। অনূর্ধ্ব-১৯ থেকে সরাসরি হাই পারফরম্যান্স (এইচপি) দলে যাওয়ার প্রচলিত ধারার মাঝে নতুন করে অনূর্ধ্ব-২৩ দল যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যাতে তরুণ ক্রিকেটারদের জাতীয় দলের জন্য আরও পরিকল্পিতভাবে প্রস্তুত করা যায়।

গত মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়েছে অনূর্ধ্ব-২৩ বিভাগের। গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত এই বিভাগের প্রধান দায়িত্বে রয়েছেন সাবেক জাতীয় দলের কোচ নাভিদ নেওয়াজ।

বয়সভিত্তিক এই দলে ১৯ থেকে ২৩ বছর বয়সী সম্ভাবনাময় ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দক্ষতা উন্নয়ন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রস্তুত করতেই এই নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি।

নতুন বিভাগের প্রথম আন্তর্জাতিক কার্যক্রম হিসেবে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি সিরিজ আয়োজন করছে বিসিবি। সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এর আগে টপ এন্ড টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটারদের নিয়ে গঠিত একটি দল মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সিরিজকে সামনে রেখে গত ১ আগস্ট থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। ২০ জন ক্রিকেটারকে নিয়ে চলা এই ক্যাম্পে প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী।

সূচি অনুযায়ী, মালয়েশিয়া দল বাংলাদেশে পৌঁছানোর পর ৮ ও ১০ আগস্ট মিরপুরে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পুরো সিরিজজুড়েই চলবে অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন কার্যক্রম।

বিসিবির বিশ্বাস, অনূর্ধ্ব-২৩ বিভাগ চালুর মাধ্যমে অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দলের মধ্যকার ব্যবধান আরও কার্যকরভাবে পূরণ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা নিজেদের আরও পরিণত করে তোলার সুযোগ পাবেন আন্তর্জাতিক পর্যায়ে পা রাখার আগে।

Scroll to Top