ম্যাচের একটা সময় মনে হচ্ছিল, শ্রীলঙ্কার ইনিংস বুঝি ১০০ রানও পার হবে না। ১১ ওভার শেষে তাদের রান ৫৪, নেই পাঁচ উইকেট। কিন্তু তারপর সেই চাপ আর অব্যাহত রাখতে পারেননি বাংলাদেশি বোলিং আক্রমণ। বিশেষ করে মোস্তাফিজুর রহমান আজও ছিলেন বেজায় এলোমেলো। থারিন্দু রত্নায়েকের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের চিত্রই বদলে যায়। পরে ব্যাটিংয়ে আরও বড় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকও জিততে পারল না লিটন দাসের দল।
শনিবার জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে লঙ্কানরা। শেষ পাঁচ ওভারে ৮৩ রান তুলেছে শ্রীলংকা। পরে জবাবে ১৭.৩ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
বোলিং ইনিংসের শুরুটা বেশ ভালোই ছিল বাংলাদেশের। পাওয়ারপ্লের মধ্যেই ২১ রানে চার উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এরপরও ৫৪ রানে পঞ্চম উইকেট হারায় লংকানরা। কিন্তু সেখান থেকেই পাল্টা আঘাত শুরু করেন রত্নায়েকে।
অধিনায়ক সাহান আরাচ্চিগেকে সঙ্গে নিয়ে মাত্র ৪৬ বলে ৯৩ রানের জুটি গড়েন রত্নায়েকে। মাত্র ৩২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৬৫ রান করেন তিনি। আরাচ্চিগে ৩৭ বলে করেন ৩৩। এই জুটিই শ্রীলঙ্কাকে বিপদ থেকে টেনে এনে লড়াইয়ের পুঁজি দেয়।
গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে ম্যাচ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। মোস্তাফিজুর আজও ডুবিয়েছেন। শেষ দিকে দুটি উইকেট পেলেও তিন ওভারে খরচ করেছেন ৪৩ রান। রিশাদ হোসেন চার ওভারে ৪৬ রান দিয়ে নেন এক উইকেট। তবে আলিস আল ইসলাম চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে এক উইকেট তুলে নেন।
উইকেটে যেভাবে রান উঠছিল তাতে ১৬৬ রানের লক্ষ্য খুব বড় ছিল না। কিন্তু শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। প্রথম ওভারে সাইফ হাসান এবং দ্বিতীয় ওভারে তানজিদ হাসান তামিম ফেরেন কোনো রান না করেই। এরপর অধিনায়ক লিটন দাসও প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন। মাত্র ৪ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা করেছেন পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বিরা। কিন্তু কেউ ঘুরে দাঁড়িয়ে বড় ইনিংস খেলতে পারেননি। ইমন করেন ২০ রান, ইয়াসির আলী ২১। শেষ দিকে নাসুম আহমেদ ২৮ বলে ২৬ রান না করলে দলের স্কোর একশও হতো না।
১৭.৩ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।শ্রীলঙ্কার চার বোলার—নুয়ান থুশারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান—দুটি করে উইকেট নেন।
বাংলাদেশ পূর্ণশক্তির দল নিয়ে এশিয়ান গেমস খেলতে গিয়েছে। লক্ষ্য পদক জয়। কিন্তু ফিরতে হচ্ছে পদকহীন ভাবেই। এদিকে, শ্রীলংকা বড় তারকাদের বাহিরে রেখে অনেকটা অচেনা দলই পাঠিয়েছে এশিয়ান গেমসে। সেই দলটাও কাছেও ধরাশায়ি হতে হলো বাংলাদেশকে।




